স্টাফ রিপোর্টার
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। গতকাল শুক্রবার বিকেলে শহরের পাইলট মাঠ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় সহস্রাধিক সমর্থক অংশ নিয়ে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনের প্রকাশ ঘটান।
শোভাযাত্রাটি পাইলট মাঠ থেকে শুরু হয়ে কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড ও মিজান রোড প্রদক্ষিণ করে পুনরায় পাইলট মাঠে এসে শেষ হয়। এ সময় ব্রাজিলের পতাকা, ব্যানার-ফেস্টুন ও রঙিন স্মোকের ব্যবহারে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, “শোভাযাত্রায় প্রায় দেড়শ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা বহন করা হয়েছে। এছাড়া তিন শতাধিক ব্রাজিলের পতাকা ও ৪০টি কালার স্মোক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ, ইরান ও ফিলিস্তিনের পতাকাও ছিল আমাদের সঙ্গে।”
স্থানীয় ব্রাজিল সমর্থক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, “ফেনীর ব্রাজিল সমর্থকদের নিয়ে এটাই আমাদের সবচেয়ে বড় আয়োজন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, ফেনীতে ব্রাজিলের সমর্থক কতটা বেশি। সবাই আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।”
শোভাযাত্রা ঘিরে শহরের বিভিন্ন সড়কে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অংশগ্রহণকারীদের স্লোগান, পতাকা প্রদর্শন ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ফেনী শহর।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |