| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর জহিরিয়া মসজিদের ইফতারে প্রতিদিন অংশ নিচ্ছেন সহস্রাধিক রোজাদার

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 725 বার পঠিত
ফেনীর জহিরিয়া মসজিদের ইফতারে প্রতিদিন অংশ নিচ্ছেন সহস্রাধিক রোজাদার
ছবির ক্যাপশন: ফেনীর জহিরিয়া মসজিদের ইফতারে প্রতিদিন অংশ নিচ্ছেন সহস্রাধিক রোজাদার


নিজস্ব প্রতিনিধি:

ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জহিরিয়া মসজিদ দীর্ঘ ১৬ বছর ধরে রমজানে শহরের হাজারো রোজাদারের ইফতারের নির্ভরতার জায়গা হয়ে উঠেছে।

মসজিদ কমিটি জানায়, এখানে প্রতিদিন ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, শিক্ষার্থী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক কাতারে বসে ইফতার করেন। আসরের নামাজের পর থেকেই ইফতার প্রস্তুতি ও বিতরণ কার্যক্রম শুরু হয়। মসজিদের তৃতীয় তলায় সারিবদ্ধভাবে ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয় এবং বিকেল সাড়ে ৫টা থেকে রোজাদাররা আসতে শুরু করেন। স্বেচ্ছাসেবকরা তাদের শৃঙ্খলাবদ্ধভাবে বসিয়ে দেন।

আয়োজকরা আরো জানান, ইফতারের সময় পর্যন্ত উপস্থিত মুসল্লিরা জিকির ও কোরআন তেলাওয়াতে সময় অতিবাহিত করেন এবং আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন।

মসজিদের খাদেম ও স্বেচ্ছাসেবীরা জানান, প্রতিদিন ভিন্ন ভিন্ন মেন্যুতে ইফতার পরিবেশন করা হয়। বিরিয়ানি, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, শসা, শরবত, জিলাপি ও পায়েশসহ নানা খাবার সুশৃঙ্খলভাবে বণ্টন করা হয়।

ইফতার করতে আসা শিক্ষার্থী আবদুর রহমান জানান, কোচিং শেষে বন্ধুদের সঙ্গে এখানে ইফতার করতে এসেছেন। বাড়ি দূরে হওয়ায় বন্ধুর মাধ্যমে খবর পেয়ে এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে।

ইফতার করতে আসা মাহমুদুল হাসান বলেন, সংবাদমাধ্যমে জহিরিয়া মসজিদের একসঙ্গে ইফতারের আয়োজন দেখে আগ্রহ তৈরি হয়। এত মানুষের সঙ্গে একত্রে ইফতার করতে পেরে তিনি আনন্দিত।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোসলেহ উদ্দিন মাহদী বলেন, একটি মসজিদে প্রতিদিন সহস্রাধিক মানুষের ইফতার আয়োজন ফেনীর জন্য বিরল উদ্যোগ। এখানে সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে ইফতার করতে পারেন, ফলে রমজানে অনেকের ইফতার নিয়ে দুশ্চিন্তা থাকে না।

কমিটির সদস্যরা বলেন, রোজাদারদের খেদমত করার সুযোগকে তারা সৌভাগ্য মনে করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group