নিজস্ব প্রতিনিধি:
ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত ও সভাপতি-সম্পাদককে শোকজের ২৪ ঘন্টার ব্যবধানে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত ও পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারাদেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ফেনীর সাংগঠনিক ইউনিট সমূহে সঠিক তদারকিতে ব্যর্থতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনী জেলা কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জেলা যুবদলের কমিটি স্থগিতের আদেশপত্রে উল্লেখ করা হয়, সাংগঠনিক ইউনিট সমূহে সঠিক তদারকিতে ব্যর্থতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনী জেলা যুবদলের কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।
একই বিজ্ঞপ্তিতে পৌরযুবদলের বিষয়ে বলা হয়, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ঘোষিত কমিটিতে ২০১৭ সালে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে, ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত সুজন নামের ওই নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার এবং ঘোষিত ফেনী পৌরসভার ১২টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করে রবিবার দুপুরের দিকে বিজ্ঞপ্তি প্রচার করে কেন্দ্রীয় যুবদল।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন ফেনী জেলা যুবদলের এ আহবায়ক কমিটি অনুমোদন দেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |