নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলেও নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার ছেলে শাকিল (২১) ও মো. একা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে একটি যমুনা তেলবাহী লরি কবিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি আহতদের সব চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেন। তার অনুরোধে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |