নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম রানা মজুমদার (৩৬)। তিনি আমজাদহাট ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের মিহির মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রানা মজুমদার একটি সিএনজি অটোরিকশাযোগে বসন্তপুর এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আমজাদহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি ভারতীয় গাঁজা ও ১ কেজি স্ট্রবেরি জব্দ করা হয়।
পরবর্তীতে বিষয়টি ফুলগাজী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু সম্প্রতি তিন উপজেলার নেতাকর্মীদের মাদক, চোরাচালান ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তার নির্দেশনার আলোকে স্থানীয় নেতাকর্মীরা এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |