| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামের বিলোনিয়া সীমান্তে আটক বুদ্ধি প্রতিবন্ধীকে দেশে ফেরাল বিজিবি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 13 বার পঠিত
পরশুরামের বিলোনিয়া সীমান্তে   আটক বুদ্ধি প্রতিবন্ধীকে দেশে ফেরাল বিজিবি
ছবির ক্যাপশন: পরশুরামের বিলোনিয়া সীমান্তে আটক বুদ্ধি প্রতিবন্ধীকে দেশে ফেরাল বিজিবি


পরশুরাম প্রতিনিধি:

ফেনী সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে চলে যাওয়া এক বুদ্ধি প্রতিবন্ধী বাংলাদেশি যুবককে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ফেনী জেলার পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা বুদ্ধি প্রতিবন্ধী মো. মোস্তাফিজুর রহমান রুবেল (২২), পিতা- মো. ইউসুফ মিয়া, নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক বিভ্রান্তির কারণে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৪৩ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে।

বিষয়টি জানতে পেরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের আলোচনার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে বিএসএফ সম্মতি জানায়।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার এবং বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে মো. মোস্তাফিজুর রহমান রুবেলকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিজিবি তাকে তার পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করে। দীর্ঘ সময় পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group