মিরসরাই প্রতিনিধি
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায়ও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলায় বিভিন্ন সেবা বুথের মাধ্যমে সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজভাবে ভূমি-সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে।
মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য সার্ভিস পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়াও তাৎক্ষণিকভাবে খতিয়ান সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হচ্ছে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা মহি উদ্দিন জিলানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ ভূমিসেবা মেলার প্রথম দিনেই দুই শতাধিক সেবাপ্রার্থীকে বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |