| বঙ্গাব্দ
ad728
ad728

রমজানে পাল্টে গেছে ফেনী শহর’র দৃশ্যপট

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 21-02-2026 ইং
  • 97 বার পঠিত
রমজানে পাল্টে গেছে ফেনী শহর’র দৃশ্যপট
ছবির ক্যাপশন: রমজানে পাল্টে গেছে ফেনী শহর’র দৃশ্যপট



শহর প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে ঘিরে ফেনী শহরের দৈনন্দিন জীবনে দেখা দিয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। বছরের অন্য সময়ের ব্যস্ততা ও কর্মচাঞ্চল্যের তুলনায় রমজানে শহরের জীবনযাত্রা যেন ধীর ও ভিন্ন ছন্দে পরিচালিত হচ্ছে। দিনের বেলায় সীমিত যানজট থাকলেও ইফতারের আগে ও পরে বেশ কিছু সময় শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

রমজান উপলক্ষে জনপ্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে সরকারি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজ আদায়ের সুবিধার্থে বেলা ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত বিরতির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে অফিস কার্যক্রম সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন করতে কর্মকর্তাদের মধ্যে বাড়তি কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা পৃথক প্রজ্ঞাপনে দেশের তফসিলি ব্যাংকসমূহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী রমজান মাসে ব্যাংকগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং গ্রাহক লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এছাড়া বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রমজান শুরু হতেই ফেনী শহরের বিপণিবিতানগুলোতেও দেখা দিয়েছে উৎসবের আমেজ। ঈদকে সামনে রেখে শহরের এসএসকে রোডসহ বিভিন্ন এলাকায় অবস্থিত শপিং সেন্টার ও মার্কেটগুলোতে রঙিন আলোকসজ্জা এবং নতুন পণ্যে দোকান সাজানোর দৃশ্য চোখে পড়ছে। শহীদ মার্কেট, গার্ডেন সিটি, গ্র্যান্ড হক টাওয়ারসহ বড় বড় বিপণিবিতানগুলোতে সন্ধ্যা নামতেই রঙিন বাতির ঝলকানিতে ক্রেতাদের আকর্ষণ বাড়ছে। ইতোমধ্যে ক্রেতাদের উপস্থিতিও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে ইফতারকে ঘিরে শহরের অলিগলি ও প্রধান সড়কের পাশে ছোট-বড় হোটেল এবং অস্থায়ী স্টলগুলোতেও জমে উঠেছে বেচাকেনা। হোটেলের সামনে প্যান্ডেল টানিয়ে বিভিন্ন ধরনের ভাজাপোড়া, জিলাপি, ছোলা, বেগুনি, পিয়াজু, খেজুর ও শরবতের বাহারি আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা। পাশাপাশি ফলমূল ও শরবতের ভাসমান দোকানের সংখ্যাও বেড়েছে, যা ইফতার সময় শহরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে।

সব মিলিয়ে রমজানের আবহে ফেনী শহরের ব্যস্ততা কিছুটা কমলেও ধর্মীয় অনুশাসন, কেনাকাটা ও ইফতার বাজারকে ঘিরে সৃষ্টি হয়েছে এক ভিন্নধর্মী প্রাণচাঞ্চল্য, যা প্রতি বছরের মতো এবারও নগরবাসীর জীবনকে দিয়েছে বিশেষ মাত্রা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group