নিজস্ব প্রতিনিধি:
সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির সম্প্রতি গাড়ি চুরির অভিযোগে দল থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার পরিবার ও সমর্থকরা দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকায় তার বাড়ির পাশের জঙ্গল থেকে একটি ট্রাক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। একইদিন বিকেলে কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করে।
ইমাম হোসেন পবিরের পরিবারের দাবি, চোরাই গাড়িটি তার বসতবাড়ি থেকে নয়, বরং বাড়ির পাশের একটি জঙ্গল থেকেই উদ্ধার করা হয়েছে। কিন্তু কিছু মহল ইচ্ছাকৃতভাবে প্রচার করছে যে গাড়িটি তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে—যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
এছাড়া এই ঘটনায় গ্রেফতারকৃত ইউনুস ওরফে ডালিম (৪০) পুলিশের নিকট কিংবা আদালতে তার বিরুদ্ধে কোনো স্বীকারোক্তি দেননি বলেও জানান তারা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মামলার তদন্তে এখনো পর্যন্ত ইমাম হোসেন পবির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
স্থানীয় সূত্র জানায়, ইমাম হোসেন পবির দীর্ঘদিন ধরে বাড়িতে অবস্থান করেন না এবং বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ সুযোগকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। পবিরের
সমর্থকদের দাবি, স্বৈরাচার আওয়ামীলীগ বিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতৃত্ব দেয়ার কারণেই তিনি দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর রোষানলে ছিলেন। বিগত সময়ে দলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। জীবনের গুরুত্বপূর্ণ সময় তিনি দলের পেছনে ব্যয় করেছেন বলেও উল্লেখ করেন তারা। তাদের অভিযোগ, দলের সুসময়ে এসে পরিকল্পিতভাবে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা চলছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী জেলা যুবদল সূত্র জানিয়েছে, এই ঘটনায় পবিরের সংশ্লিষ্টতা আছে কিনা দলীয় ভাবে তা তদন্ত চলছে, তদন্তে নির্দোষ প্রমান হলে বহিষ্কারাদেশ পুন:বিবেচনা হতে পারে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |