নুর উল্লাহ কায়সার:
ফেনীর আলোচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকান্ডের একযুগ (১২ বছর) পূর্ণ হয়েছে আজ। ২০১৪ সালের ২০ মে তৎকালীন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি একরামুল হক একরামকে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে পুড়িয়ে গুলি করে হত্যা করে নিজ দলীয়রা। ২০১৮ সালের ১৩ মার্চ চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায়ে ৩৯ জন আসামীর মৃত্যুদন্ড ঘোষণা করেন আদালত। পরে দন্ডপ্রাপ্তদের কয়েকজন এ মামলায় অপিল করলেও তা নিষ্পত্তি না হওয়ায় ডেথ রেফারেন্সের শুনানী আটকে আছে। এতে করে রায় কার্যকর করা যাচ্ছেনা। আসামী পক্ষের দাবী, এ ঘটনায় নিরীহ রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানো হয়েছে। অপরদিকে বাদী পক্ষের দাবী, মৃত্যুদন্ডপ্রাপ্তদের সাজা কার্যকরে সময় ক্ষেপন ও পলাতকদের গ্রেপ্তারে শৈথিল্যতা অবিচারে শামিল। তাই দ্রুত মৃত্যুদন্ডাদেশ কার্যকরের দাবী করেছেন একরামুল হকের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
ফেনী জেলা জর্জ আদালত, আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের জিএ একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে একরামুল হকের গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার রাতে তার ভাই রেজাউল হক বাদী হয়ে এ ঘটনায় ফেনী মডেল থানায় ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি মাহতাবুল হক চৌধুরী মিনারকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এ মামলায় তদন্ত শেষে একই বছরের ৩০ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আলোচিত এ মামলায় গ্রেফতারকৃত ১৬ জন আসামী আদালতে ঘটনায় জড়িত ছিলেন মর্মে ১৬৪ ধারায় জবানবন্ধী দেন। ২০১৮ সালের ১৩ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৫৬ জন আসামীর মধ্যে ৩৯ জনের ফাঁসির আদেশ ও ১৬ জনকে খালাস দেওয়া হয়। এদের মধ্যে সোহেল নামের এক আসামী রায় ঘোষণার আগেই র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।
বর্তমানে ফাঁসির দন্ডপ্রাপ্ত ৩৯ আসামীর মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। বাকী ১৭ জনের মধ্যে ৮জন আসামী জামিনে গিয়ে পলাতক ও ৯ জন আসামী ঘটনার শুরু থেকেই ধরাছোয়ার বাহিরে রয়েছেন।
আসামী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নিম্ন আদালতে রায় ঘোষণার পর নিজেদেরকে নির্দোষ দাবী করে উচ্চ আদালতে আপিল করেছেন কারাগারে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত ২২ আসামী। দীর্ঘদিন আপিল নিষ্পত্তি না হওয়ায় উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানীও করা যাচ্ছেনা। আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানী সম্পন্ন হওয়ার পরই রায় কার্যকর করা হবে।
কারাগারে রয়েছেন ২২ দন্ডপ্রাপ্ত
বর্তমানে এ মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন ২২ আসামী। তারা সবাই খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। এরা হচ্ছেন, জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলু, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারী সিফাত, আবু বক্কর সিদ্দিক, মো. আজমির হোসেন রায়হান, মো. শাহজালাল উদ্দিন শিপন, জাহিদুল ইসলাম জাহিদ ওরফে আজাদ, কাজী শানান মাহমুদ, মীর হোসেন আরিফ ওরফে নাতি আরিফ, আরিফ ওরফে পাঙ্কু আরিফ, রাশেদুল ইসলাম রাজু, মো. সোহান চৌধুরী, জসিম উদ্দিন নয়ন, নিজাম উদ্দিন আবু, আবদুল কাইউম, নুর উদ্দিন মিয়া, তোতা মানিক, মো. সজিব, মামুন, রুবেল, হুমায়ুন ও টিপু।
জামিনে গিয়ে পালিয়েছেন ওরা ৮ জন
দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে জামিনে গিয়ে পলাতক ৮ আসামীরা হচ্ছেন, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের তৎকালীন যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদুল ইসলাম, এমরান হোসেন রাসেল, জাহিদুল হাসেম সৈকত, চৌধুরী মোহাম্মদ নাফিজ উদ্দিন অনিক, জিয়াউর রহমান বাপ্পি, আরমান হোসেন কাউসার ও জসিম উদ্দিন।
শুরু থেকেই আত্মগোপনে ৯ জন
এছাড়াও এ মামলায় এখনো ৯ জন আসামীকে আইনশৃংখলা বাহিনী গ্রেফতার করতে পারেন নি। তারা শুরু থেকেই পুলিশী ধরাছোয়ার বাহিরে রয়েছেন। এরা হচ্ছেন, ইসমাইল হোসেন ছুট্টু, কফিল উদ্দিন মাহমুদ আবির, রাহাত মোহাম্মদ এরফান আজাদ, শফিকুর রহমান, একরাম হোসেন, মোসলেহ উদ্দিন আসিফ, মহিউদ্দিন আনিছ, টিটু ও বাবলু।
মামলাটির রায় প্রদানকালে খালাস পাওয়া ১৬ জন হলেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়াউল আলম মিস্টার, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন পাটোয়ারী ওরফে টুপি বেলাল, মো. আলমগীর ওরফে আলাউদ্দিন, আবদুর রহমান রউপ, সাইদুল করিম পবন ওরফে পাপন, জাহিদ হোসেন ভূইয়া, ইকবাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম পিয়াস, কালা মিয়া, নুরুল আবসার রিপন, মো. ইউনুস ভূইয়া শামীম ওরফে টপ শামীম, মো. মাসুদ, কাদের ও ফারুক।
পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে
- বাদী
আলোচিত এ হত্যা মামলার বাদী ছিলেন নিহত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের ভাই জসিম উদ্দিন। তিনি দৈনিক স্টার লাইনকে জানান, যেসব আসামী দেশের বাহিরে পালিয়ে গেছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে এসে সাজা কার্যকর করা দরকার। পুরো পৃথিবী দেখেছে; তারা কিভাবে আমার ভাইকে নৃশংস ও মর্মান্তিকভাবে হত্যা করেছে। এ মামলায় দন্ডপ্রাপ্ত সকল আসামীর রায় কার্যকরের মাধ্যমে আমার ভাইয়ের আত্মার শান্তি হবে। আমরা চাই কালক্ষেপন না করে রায় যাতে দ্রুত কার্যকর হয়।
১৭ জনকে গ্রেপ্তারে সক্রীয় রয়েছে পুলিশ
-ওসি
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, একরাম হত্যা মামলাটি পুরো দেশজুড়ে আলোচিত একটি মামলা। এ মামলার আসামীদের গ্রেফতারে সোর্স নিয়োগসহ যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে আইনশৃংখলা বাহিনী। শেষ পর্যন্ত কেউ গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারবে না।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |