পরশুরাম প্রতিনিধি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে ফেনীর পরশুরামে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’। গত সোমবার বিকেলে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে।
এদিন সকাল ১০টায় পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডের লিখিত পরীক্ষায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে সনদ, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই দেওয়া হয় বিশেষ সনদ।
অলিম্পিয়াড শেষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আসর পরশুরাম শাখার পরিচালক মুনতাসির রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক কমিশনার মাহবুবুল হক মজুমদার এবং পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবির আহমেদ ভূঁইয়া ফোরকান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে শান্তি, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন দারুণ ভূমিকা রাখবে। এ ধরনের ব্যতিক্রমী প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে এবং একটি অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম, কলেজ ছাত্রদলের আব্দুল কাদের ফরহাদ ও ছাত্রশিবিরের আব্দুল কাইয়ুম, পরশুরাম ইয়ুথ ফ্রেন্ড ক্লাবের তৌহিদুল ইসলাম অভি, ফজলে রাব্বি মজুমদার; ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের কারিয়া সুলতানা, ফারহানা সুলতানা; কিশোরী ক্লাবের মুনিয়া ইসলাম এবং ইয়ুথ পিস আ্যম্বাসেডর গ্রুপের সদস্যরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |