সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে তাতিদল নেতা আইয়ুব নবী তারেক (২৬) হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি নিলয়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৫ দিন পর মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ও সোনাগাজী মডেল থানার যৌথ অভিযানে নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নাহিদ ও তার স্ত্রীর পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গ্রেপ্তার নিলয় আদালতের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে আটটার দিকে পূর্ববিরোধের জেরে প্রতিবেশী আইয়ুব রহমান (৫২) ও তার তিন ছেলে মো. আরিফ (২৮), মো. নাহিদ (২৬) ও নিলয় পরিকল্পিতভাবে তারেককে ডেকে নেয়। পরে আইয়ুব রহমানের বাড়ির পাশের একটি চলাচলের রাস্তায় একদল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপ ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |