শহর প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে দৈনিক ‘আমার কাগজ’ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সুশাসন এবং গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সুশাসন নিশ্চিত করা সম্ভব, আর সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বক্তারা একটি স্বাধীন, দায়িত্বশীল এবং অনুসন্ধানী গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের প্রতিপক্ষ নয়, বরং গঠনমূলক ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে রাষ্ট্রকে আরও শক্তিশালী করতে কাজ করে।
গতকাল ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকেরা। দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। দৈনিক আমার কাগজ-এর ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও পিবিআই পুলিশ সুপার উক্য সিং।
জনগণের ভোগান্তি দূর করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: জেলা প্রশাসক
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক দৈনিক আমার কাগজ-এর সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানাসহ পুরো টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "সরকারের দক্ষ ব্যবস্থাপনাই হচ্ছে সুশাসন। সুশাসনের প্রধান অনুষঙ্গ হলো বাক-স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম একটি প্রধান স্তম্ভ। গণমাধ্যমের কারণেই সরকারি প্রকল্প ও বাজেটের সঠিক চিত্র জনগণের সামনে আসে এবং সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা নিশ্চিত হয়।"
পৌরসভার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, "আমরা ইতিমধ্যে বৈঠক করেছি। জনগণের চলাচলের রাস্তা দখলমুক্ত ও সংস্কার করতে আমরা কঠোর ব্যবস্থা নেব। অবৈধ অটো ও সিএনজি চলাচল নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসকের সমন্বয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে।" তিনি সাংবাদিকদের অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
গঠনমূলক সমালোচনা আমাদের কাজে গতি আনে: পুলিশ সুপার বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার যানজট ও ট্রাফিক পুলিশ সংকট নিয়ে কথা বলেন। তিনি বলেন, "ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসন যখনই অভিযান চালাবে, পুলিশ তাৎক্ষণিক প্রয়োজনীয় ফোর্স দিয়ে সহায়তা করবে। জেলায় ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে, যা দূর করতে আমরা রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে কথা বলেছি। পুলিশের কাজের কিছু সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, "সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ও মহাসড়কে কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে জেলা পুলিশকে কাজ করতে বেগ পেতে হয়। তবে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আমাদের কাজের ত্রুটি শুধরে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু নেতিবাচক বা ভিত্তিহীন প্রচারণা পুলিশের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা সাংবাদিকদের কাছ থেকে সবসময় গঠনমূলক ভূমিকা আশা করি।"
অগ্রিম ও বস্তুনিষ্ঠ তথ্যে অনন্য 'আমার কাগজ': পিবিআই পুলিশ সুপার
পিবিআই পুলিশ সুপার উক্য সিং ফেনী জেলার ভূয়সী প্রশংসা করে বলেন, "শিক্ষা, অর্থনীতি, রেমিট্যান্সসহ সব দিক থেকে ফেনী দেশের অন্যতম একটি স্বনির্ভর ও গুরুত্বপূর্ণ জেলা।" দৈনিক আমার কাগজ-এর প্রশংসা করে তিনি বলেন, "এ পত্রিকাটি অত্যন্ত তথ্যবহুল। বিশেষ করে পুলিশ প্রশাসনের পদোন্নতিসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই অত্যন্ত নিখুঁত ও সত্য তথ্য এই পত্রিকায় অগ্রিম চলে আসে, যা প্রশংসনীয়। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে গণমাধ্যমের কাছ থেকে সবসময় ভুলত্রুটি শুধরে নেওয়ার মতো গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আশা করি।"
অনুষ্ঠানে অন্যান্যদের অংশগ্রহণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার প্রশাসক দিদারুল আলম, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাপ্তাহিক ফেনীর খবর সম্পাদক রবিউল হক রবি, আনন্দ তারকা সম্পাদক মোঃ মামুন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, স্টারলাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, বণিক বার্তার প্রতিনিধি নুরু উল্লাহ কায়সার, চ্যানেল আই-এর প্রতিনিধি শফিউল্লাহ রিপন, ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ছামসু উদ্দিন ও পৌর প্রকৌশলী জাকির উদ্দিন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক, ইসলামী খেলাফতের সাধারণ সম্পাদক আজিজুল্লাহসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |