| বঙ্গাব্দ
ad728
ad728

সাহেবেরহাট ব্রিজ রক্ষায় বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 346 বার পঠিত
সাহেবেরহাট ব্রিজ রক্ষায় বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: সাহেবেরহাট ব্রিজ রক্ষায় বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা



সোনাগাজী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিমুক্ত রাখতে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় বাসিন্দারা পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে গত বৃহস্পতিবার (৫ মার্চ) ০৯.২০.১৮.০৫৫.২২-৩৮২ নম্বর স্মারকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোট ফেনী নদী থেকে নদীপথে বালু সংগ্রহ ও পরিবহনের কারণে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া বাজারুনোয়াখালী সড়কের পাশে অবস্থিত সাহেবেরহাট ব্রিজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে স্থানীয় জনপদের মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

এ পরিস্থিতিতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ও ফেনী সড়ক বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে সরকারি সম্পদ রক্ষার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট ফেনী নদী থেকে সড়ক বা নৌপথে বালু উত্তোলন, বহন ও পরিবহন এবং সংশ্লিষ্ট সড়ক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ব্রিজের ওপর দিয়ে ২০ টনের বেশি বোঝাই (ওভারলোড) যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এ নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘বালুমহাল (ইজারা) বিধিমালা, ২০২২’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কার্যক্রমের তথ্য পেলে স্থানীয় উপজেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ছোট ফেনী নদীর দুই পাড়ের মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, “ব্রিজের দুই পাশে প্রায় ৫০টির মতো বালুর স্তূপ রয়েছে। প্রতিদিন শত শত বালুবাহী গাড়ি চলাচলের কারণে রাস্তা ভেঙে গেছে এবং ধুলাবালিতে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বালু কারবারে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা পরিবেশমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞ।”

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, সড়ক ও পরিবেশের ক্ষতি করে অননুমোদিতভাবে চলা বালুর ব্যবসা বন্ধে পরিবেশমন্ত্রী আন্তরিক ভূমিকা রেখেছেন। এ উদ্যোগের জন্য পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও ফেনীর জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তবে বালু ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিন্ন মতও পাওয়া গেছে। সেতুর পশ্চিম পাশের বালু ব্যবসায়ী হানিফ মাঝি বলেন, “আমাদের বালুর ব্যবসা শতভাগ বৈধ। প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে কী করা যায়, তা আমরা বালু ব্যবসায়ীরা বসে আলোচনা করব।”

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group