স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, মাদক সমাজে ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। মাদকাসক্ত ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে। তাই মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হয়। জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাদকবিরোধী কর্মসূচি জোরদার করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব।
তিনি বলেন, ‘আমি ফেনীর সন্তান হয়ে বলছি, এ জেলা থেকে মাদকের শিকড় উপড়ে ফেলব। এরপর চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় মাদক নির্মূলে কাজ করব।’
মাদকের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডিআইজি বলেন, মাদক নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে মাদকবিরোধী আন্দোলন জোরদার করা জরুরি। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা গেলে দেশের অর্থনীতি ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিকশিত হবে। তাই মাদক কারবারিদের পক্ষে না দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক ও জেলা প্রশাসক মনিরা হক।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জর্জ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিওনের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ও ডেইলি স্টার জেলা প্রতিনিধি আবু তাহের, ইসলামী আন্দোলনের জেলা নেতা মাওলানা একরামুল হক ভূঞা, হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঞা, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা শাখার সেক্রেটারি সালাউদ্দিন মামুন ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমির কর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি ফেনী পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্র্যান্ড সুলতানা কনভেনশন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |