দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম জুনায়েদ কাউছার সৌরভ (৩৯)। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ফেনীর দাগনভূঞায় পৌরসভার সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে দাগনভূঞা পৌর এলাকার দাসপাড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দাগনভূঞায় পৌরসভা সুত্র জানায়, নিহত জুনায়েদ কাইছার ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এই ঘটনায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পৌর এলাকার দাসপাড়ার ভাড়া বাসায় দুপুরের খাবার শেষ করে বেলা ৩টার দিকে মোটরসাইকেলযোগে দাগনভূঞা পৌরসভা অফিসের উদ্দেশ্যে রওনা হন প্রকৌশলী জুনায়েদ। পথিমধ্যে দাসপাড়া রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে
ফেনী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম জানান, ‘দুপুরে খাবার শেষ করে অফিসে ফেরার পথে দাসপাড়া রোডের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন আমাদের সহকারী প্রকৌশলী জুনায়েদ কাইছার সৌরভ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। থানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরসভার একটি সুত্র জানায়, গত বুধবার বেলা ১১ টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |