পরশুরাম প্রতিনিধি:
চলাচলের রাস্তায় ধান লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরশুরামের মির্জানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাউতলী গ্রামের এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ কাউতলী দায়িবাড়ি সড়কে ঘটনাটি ঘটেছে।
গত ১৭ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও অবহেলিতই রয়ে গেছে মির্জানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাউতলী গ্রাম। দীর্ঘ এই সময়ে গ্রামের প্রধান কাঁচা সড়কটি পাকাকরণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু দায়িত্বে থাকাকালীন দক্ষিণ কাউতলী গ্রামের মানুষকে রাস্তা সংস্কারের বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ করেননি। গ্রামবাসীদের দাবি, কাউতলী গ্রামের উন্নয়নের জন্য কোনো সরকারি বরাদ্দ আসলে সাবেক চেয়ারম্যান পরিকল্পিতভাবে তা বাতিল করে দিতেন।
সরেজমিনে জানা যায়, মির্জানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সব কাঁচা রাস্তা পাকা হয়ে গেলেও ব্যতিক্রম কেবল ৫নং ওয়ার্ড। এই ওয়ার্ডের দক্ষিণ কাউতলী গ্রামেই এখন ইউনিয়নের সবচেয়ে বেশি কাঁচা রাস্তা রয়ে গেছে, যার কারণে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় সাধারণ মানুষকে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহাগ বলেন, গত ১৭ বছর সরকার ক্ষমতায় ছিল। সারা বাংলাদেশে রাস্তাঘাট করার জন্য এত বড় বড় বাজেট দেওয়া হয়েছে। তাহলে মির্জানগর ইউনিয়নের সেই বাজেট কোথায় গেল? ভুট্টু চেয়ারম্যান কি এই কাঁচা রাস্তা কখনো চোখে দেখেননি, নাকি প্রতিহিংসার কারণে তিনি এই রাস্তাগুলো মেরামত করেননি?
দীর্ঘদিন ধরে যাতায়াত কষ্টে ভোগা দক্ষিণ কাউতলী গ্রামের সর্বস্তরের মানুষ অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একই সাথে তারা বর্তমান প্রশাসনের কাছে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |