দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা পৌরসভার ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপনের স্থান পরিদর্শন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।
সোমবার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে পৌরসভার ময়লা অপসারণের জন্য নির্ধারিত ডাম্পিং স্টেশনের স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এ ডাম্পিং স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পৌর এলাকার বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষণ বাড়ে এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, অচিরেই এ প্রকল্পের কাজ শুরু হবে এবং বাস্তবায়ন হলে পৌর এলাকার ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় উপস্থিত স্থানীয়রা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ডাম্পিং স্টেশন স্থাপন হলে পৌর এলাকার ময়লা ব্যবস্থাপনা সহজ হবে এবং পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা করছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |