শহর প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে ‘ফরিদ-কামরুল’ প্যানেল বিপুল ভোটে নিরঙ্কুশ জয়লাভ করেছে। প্যানেলের মনোনীত প্রার্থীরা সবকটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কলেজের মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৬ জন শিক্ষক অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় ও মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদ ছিল সাধারণ সম্পাদক। এই পদে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আলম ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন পেয়েছেন ২৫ ভোট। শিক্ষকদের অধিকার আদায় ও কলেজের সার্বিক উন্নয়নে ফরিদ আলম ভূঁইয়া অগ্রণী ভূমিকা রাখবেন বলে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলীকে পরাজিত করে বিজয়ী হন।
কোষাধ্যক্ষ পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি। তিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক উদ্দীনকে পরাজিত করেন। এছাড়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা বিভাগের তরুণ প্রভাষক মাহবুব আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রতীক সিকদার।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মোস্তফা। তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কলেজের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। নতুন এই কমিটি ফেনী সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |