স্টাফ রিপোর্টার
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণার গতি বাড়িয়েছে হারুন-সাব্বির নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়।
গতকাল সোমবার সকালে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন প্যানেলটির প্রার্থীরা। পরে তারা ট্রাংক রোড, কুমিল্লা বাসস্ট্যান্ড ও মিজান রোড এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তারা ব্যবসায়ী সমাজের উন্নয়ন, চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিজেদের পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
একইদিন বিকেলে শহরের তমিজিয়া মসজিদের সামনে থেকে দ্বিতীয় দফা গণসংযোগ শুরু হয়। পরে একাডেমি সড়ক, হকার্স মার্কেট, শহীদ উদ্দিন বিপনী বিতান ও গার্ডেন সিটি মার্কেটের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীরা। এ সময় ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান প্যানেল সংশ্লিষ্টরা।
প্রার্থীরা বলেন, ফেনীর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, আধুনিক ও কার্যকর চেম্বার গঠন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েই তারা নির্বাচনে অংশ নিয়েছেন। তারা ভোটারদের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত আমান উদ্দিন কায়সার সাব্বির। এছাড়া প্যানেলভুক্ত জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল ও মো. মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
পরিচালক (সাধারণ ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, আব্বাস ফারুক ভুঞা, মো. নুরুল আফছার মজুমদার , আবদুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরী।
পরিচালক (সহযোগী ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজ উদ্দিন আহাম্মেদ, মোহাম্মদ আজীজুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু তালেব মজুমদার, মোস্তাফা কামাল, বিবি কুলছুম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ তামিম।
নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের সরব উপস্থিতি এবং ধারাবাহিক গণসংযোগে ফেনীর ব্যবসায়ী অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটারদের সঙ্গে প্রার্থীদের প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ও সবার নজর কেড়েছে। আগামী ২৭ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের রায় নিজেদের পক্ষে আনতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |