স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় পৌরসভার আয়োজিত এ বৃহৎ জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ঈদের নামাজ পরিচালনা করেন ফেনী আলীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোশাররেফ হোসেন।
জামাতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহরিয়ার সজল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল এবং শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নেন।
ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর নজরদারি লক্ষ্য করা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার বলেন, এবারের ঈদের আনন্দটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিশৃঙ্খলা বজায় রেখে উদযাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্জ্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যাগ বিতরণ করা হয়েছে। এবং নির্ধারিত স্থানে বর্জ্য রাখলে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তা দ্রুত অপসারণ করেন। সবার সহযোগিতায় দ্রুত ভাবে শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |