নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের সৌজন্যে দুই দিনব্যাপী ‘আলোকিত রমজান সিজন-২’ শীর্ষক আয়োজন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় মঞ্চের আহ্বায়ক ওসমান গনি রাসেল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।
এ সময় বক্তব্য দেন সাপ্তাহিক ফেনী সংবাদ-এর সম্পাদক এস এম মাসুম বিল্লাহ এবং ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরিফুল ইসলাম অপু, দিদার টাইলসের স্বত্বাধিকারী দিদারুল ইসলাম, আলকেমি হাসপাতালের পরিচালক আবদুল মান্নান।
আয়োজকরা জানান, রমজানের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী সংস্কৃতি তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণে তিনটি স্টল বসানো হয়েছে। পাশাপাশি ফেনীর বিভিন্ন মসজিদ সম্পর্কেও তথ্য প্রদর্শন করা হয়েছে।
শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘কিডস কর্নার’। এতে বিপুল সংখ্যক শিশু-কিশোর, কিশোরী ও তরুণ অংশ নেয়। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা হামদ ও নাত পরিবেশন করে।
দর্শনার্থী কয়েকজন জানান, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ বাড়াতে সহায়ক। পরিবারের সদস্যদের নিয়ে এসে তারা ভালো সময় কাটাতে পেরেছেন।
আয়োজকরা বলেন, এটি দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে। গত বছরের আয়োজনেও ভালো সাড়া পাওয়া গিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ আয়োজন শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |