| বঙ্গাব্দ
ad728
ad728

শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ শিক্ষক নেতাদের বিরুদ্ধে,, একাডেমিক সুপারভাইজারের বিরুদ্ধে ভূয়া অভিযোগের তথ্য ফাঁস!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-11-2026 ইং
  • 5 বার পঠিত
শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ শিক্ষক নেতাদের বিরুদ্ধে,,  একাডেমিক সুপারভাইজারের বিরুদ্ধে  ভূয়া অভিযোগের তথ্য ফাঁস!
ছবির ক্যাপশন: শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ শিক্ষক নেতাদের বিরুদ্ধে,, একাডেমিক সুপারভাইজারের বিরুদ্ধে ভূয়া অভিযোগের তথ্য ফাঁস!



স্টাফ রিপোর্টার:


ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এমপি ও মাউশির ডিজির নিকট প্রতিকার প্রার্থনা করেন ফেনী জেলা শিক্ষক সমিতির নেতাদের একটি সিন্ডিকেট। ওই অভিযোগপত্রের সঙ্গে জমা দেওয়া স্বাক্ষরিত শিটের ২৫ জন শিক্ষকের অন্তত ২০ জনের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ইতোমধ্যে ওই অভিযোগ সম্পর্কে অবহিত নন এবং অভিযোগপত্রে স্বাক্ষর করেননি মর্মে লিখিতও দিচ্ছেন তারা। এ নিয়ে জেলাজুড়ে শিক্ষকদের মাঝে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষকদের দাবি, যারা স্বাক্ষর জালিয়াতি করে অভিযোগপত্র তৈরি করেছেন, মহান শিক্ষকতা পেশায় থেকে তারা আমাদের পেশাকে কলুষিত করেছেন। তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এদিকে জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি এখনো দাপ্তরিকভাবে না জানলেও মৌখিকভাবে শুনেছেন। তারা বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা।

শিক্ষকদের একটি অংশের দাবি, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর নেতৃত্বে লস্করহাট স্কুল, পাঁচগাছিয়া স্কুল, ফাজিলপুর স্কুল ও মজিবুল হক স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক নেতা এ অভিযোগটি তৈরিতে কাজ করেছেন। এ অভিযোগপত্রে স্বাক্ষর দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরোধও করেছেন। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ শিক্ষক ওই অভিযোগপত্রে স্বাক্ষর না করায় তারা শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি করেন। পরে তা কঠোর গোপনীয়তা রক্ষা করে বিএনপির এক নেতার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ফেনীর স্থানীয় এমপি জয়নাল আবেদীন ভিপির কাছে পৌঁছানো হয়েছে। এ প্রতিবেদকের কাছে অভিযোগের কপি হাতে আসার পর স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ফাঁস হয়।

অভিযোগপত্রে যা আছে...

ফেনী জেলা শিক্ষক সমিতির কয়েকজন নেতার উদ্যোগে তৈরি অভিযোগপত্রটি স্থানীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগপত্রের সঙ্গে ২৫ জন শিক্ষকের স্বাক্ষরসংবলিত একটি তালিকা সংযুক্ত আছে। এর প্রথম ক্রমিকে স্বাক্ষর করেছেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহার বিগত ১২ বছর ধরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আছেন। আগের সরকারের সময় বিশেষ সুবিধায় চাকরিতে যোগ দিয়ে তিনি অযাচিত হস্তক্ষেপ করেছেন। শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও দাপ্তরিক কাজে হয়রানি করেন। তাঁর কথার বাইরে গেলে শিক্ষকেরা শারীরিক, মানসিক ও দাপ্তরিক হয়রানির শিকার হন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।


স্বাক্ষরকারীরা যা বললেন...

অভিযোগপত্রে স্বাক্ষরকারী ২৫ জনের মধ্যে ২১ জনের সঙ্গে প্রতিবেদক মোবাইল ফোনে কথা বলেছেন। কথোপকথনের রেকর্ড সংরক্ষিত আছে। বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সেন্ট্রাল হাই স্কুলের মজিবুর রহমান, ধোনসাহাদ্দা স্কুলের এনামুল হক, পূর্ব কাছাড় স্কুলের আবুল কাশেম, গোবিন্দপুর স্কুলের মহিউদ্দিন, কোব্বাদ আহাম্মদ স্কুলের জহির উদ্দিন ও বাগেরহাট স্কুলের ফারুকুল ইসলাম জানান, তাঁরা একাডেমিক সুপারভাইজারের বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি, অভিযোগপত্রে স্বাক্ষরও করেননি এবং এ বিষয়ে কিছুই জানেন না।

মধুয়াই স্কুলের আবুল কালাম আজাদ, আদর্শ স্কুলের জহিরুল আলমসহ আরও কয়েকজন বলেন, তাঁরা শুনেছেন অভিযোগপত্রে তাঁদের স্বাক্ষর জাল করে দেওয়া হয়েছে।

ফেনী পৌর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দৌলতপুর হক বাহাদুর স্কুলের প্রধান শিক্ষক নুর নবীসহ কয়েকজন বলেন, শিক্ষক নেতারা অফিসের কাজের কথা বলে একটি শিটে তাঁদের স্বাক্ষর নিয়েছিলেন। সেটি একাডেমিক সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগপত্রে জমা দেওয়া হবে, তা তাঁদের জানানো হয়নি। জানলে তাঁরা স্বাক্ষর দিতেন না বলে জানান। ফেনী জিএ একাডেমি স্কুলের শিক্ষক মফিজুর রহমান নামের এক শিক্ষকের স্বাক্ষর ওই অভিযোগপত্রে দেখা গেলেও স্কুলে এ নামে কোনো শিক্ষক নেই বলে জানানো হয়েছে।


শুধু তা-ই নয়। অভিযোগপত্রের ১ নম্বর ক্রমিকে স্বাক্ষর দেওয়া জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী মোবাইলে কুশল বিনিময় করার পর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে জরুরি কাজে আছি বলে মোবাইল রেখে দেন। পরে বারবার চেষ্টা করলেও তিনি আর মোবাইল ধরেননি।


সাধারণ শিক্ষক ও অভিযুক্তের মন্তব্য

একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বণ্টনে আমার একক কোনো সিদ্ধান্ত থাকে না। উপজেলা কমিটির মাধ্যমে তা বণ্টন হয়। আমি শুধু সরকারি দায়িত্ব পালন করেছি। কয়েকজন শিক্ষক ভুল বুঝে অন্য শিক্ষকদের স্বাক্ষর জাল করে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছেন। আশা করি, কর্তৃপক্ষ তদন্ত করে আমি দোষী হলে আমার বিরুদ্ধে, না হলে যাঁরা জালিয়াতির মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিবেদককে বলেন, কামরুন নাহার মেধাবী, দক্ষ ও আন্তরিক কর্মকর্তা। তাঁদের ভাষ্য, স্পষ্টবাদী হওয়ায় কিছু শিক্ষক তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। সাধারণ শিক্ষকদের অনেকে স্বাক্ষর জালিয়াতির ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।


ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিইও-ইউএনওর

জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ ও সদর উপজেলা নির্বাহী অফিসার (সদ্য এডিসি পদে বদলির আদেশপ্রাপ্ত) সুলতানা নাসরিন কান্তা বলেন, বিষয়টি তাঁরা মৌখিকভাবে শুনেছেন, দাপ্তরিকভাবে এখনো জানানো হয়নি। যাঁদের স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে, তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন এবং কয়েকজন এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নন বলে লিখিত জানিয়েছেন। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে আছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা জানান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group