স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবিতে ফেনীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের ট্যাংক রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন ফেনীর তরুণ জলবায়ু কর্মী ও স্বেচ্ছাসেবীরা।
স্ট্রাইকে অংশ নেওয়া ভলান্টিয়ার ও ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত ফ্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে এলএনজির পরিবর্তে সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি জানান।
বক্তারা বলেন, ২০২৪ সালের ভয়াবহ ফেনী বন্যা জলবায়ু পরিবর্তনের একটি বড় উদাহরণ। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে হবে। একইসঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজক সংগঠন অগ্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল আবিদ বলেন, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো গল্প নয়, এটি বর্তমান বাস্তবতা। ২০২৪ সালের ফেনীর বন্যা তার বড় প্রমাণ। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, ফেনীর জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত ও ক্ষমতায়ন করতে হবে এবং জাতীয় জলবায়ু নীতিমালাগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
বিডি ক্লিনের তরুণ নেতা জেহাদ হোসেন বলেন, “আগে ক্লাইমেট স্ট্রাইকে অংশ নিতে ঢাকা বা চট্টগ্রামে যেতে হতো। এখন ফেনীর তরুণরাই নিজেদের শহর থেকে জলবায়ু ন্যায়ের দাবিতে সোচ্চার হচ্ছে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে যাব।”
অগ্র বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হেল্প ফর টু ডে, লাল সবুজ সোসাইটি, বিডি ক্লিনসহ বিভিন্ন তরুণ সংগঠনের স্বেচ্ছাসেবক ও জলবায়ু কর্মীরা অংশ নেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |