পরশুরাম প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলার উত্তর রাজাপুর হাজী বাদশা মিয়া জামে মসজিদের জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে জোরপূর্বক দখলের চেষ্টা ও আদালতের মামলার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলার শালধর বাজার এলাকায় অবস্থিত উত্তর রাজাপুর হাজী বাদশা মিয়া জামে মসজিদের জমি দীর্ঘদিন ধরে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মসজিদের জমির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপনের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ৪ জন ভূমি মালিকের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করা হয় এবং উপস্থিত ব্যক্তিরা এতে সম্মতি প্রদান করেন।
তবে পরবর্তীতে আবদুল মুমিন নামে এক ব্যক্তি ওই জমি নিয়ে আপত্তি তুলে মসজিদের নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়। তিনি লোকজন নিয়ে এসে মসজিদের জায়গায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন এবং পরে আদালতে একটি মামলা দায়ের করেন। যে মামলায় ৮ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু মসজিদের নাম সে মামলার আজাহারে উল্লেখ করা হয়নি।
গত শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, হাজী বাদশা মিয়া জামে মসজিদের উত্তর পার্শ্বে মসজিদের অজু খানা ও টয়লেট নির্মানের কাজ শুরু করলে রাজষপুর (হরবাতলি) গ্রামের বাসিন্দা আব্দুল মুমিন বাঁধা প্রদান করে। তার দাবী তার ক্রয়কৃত জমিতে মসজিদ কমিটি অজুখানা ও টয়লেট নির্মানের কাজ করার চেষ্টা করছে।
মসজিদ কমিটির সভাপতি মৌলভী সিদ্দিকুর রহমান বলেন, মামলায় উল্লেখিত জমির সঙ্গে মসজিদের কোনো সম্পৃক্ততা নেই। এরপরও মামলার অজুহাতে মসজিদের নির্মাণকাজ বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। এমনকি প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়ে মসজিদের সীমানায় লাল পতাকা স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
স্থানীয় বাসিন্দা তসলিম উদ্দিন বলেন, মসজিদের নির্মাণ কাজে বাধা সৃষ্টি এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মসজিদের জমি ও নির্মাণকাজ সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |