| বঙ্গাব্দ
ad728
ad728

মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সব ধরনের সহযোগিতা: পরশুরামে মাদকবিরোধী সভায় ওসি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-07-2026 ইং
  • 12 বার পঠিত
মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সব ধরনের সহযোগিতা: পরশুরামে মাদকবিরোধী সভায় ওসি
ছবির ক্যাপশন: মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সব ধরনের সহযোগিতা: পরশুরামে মাদকবিরোধী সভায় ওসি


পরশুরাম প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের মধ্যমগ্রাম চৌরাস্তা সংলগ্ন এলাকায় স্থানীয় সুধী ও যুবসমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক কারবারি ও সেবনকারীদের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফেরার আহ্বান জানান পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত, তারা মূলত সমাজ ধ্বংসের কারিগর। মাদকের মরণনেশায় জড়িয়ে তরুণ প্রজন্ম আজ বিপথগামী হচ্ছে, যার ফলে পরিবারে অশান্তি সৃষ্টি হওয়াসহ সমাজে চুরি ও ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে।

মাদক কারবারিদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি পুনর্বাসনের বার্তা দিয়ে বলেন, কোনো মাদক ব্যবসায়ী যদি এই অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তবে প্রশাসনিকভাবে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। 

তিনি সমাজকে আহ্বান জানান, মাদকাসক্ত বা কারবারিদের অবহেলা বা কটূক্তি না করে বুঝিয়ে ভালো পথে ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে তাদের থানায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি, যেন প্রশাসনের পক্ষ থেকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের আলোর পথে ফেরানো যায়। একই সাথে সন্তানদের নৈতিক অবক্ষয় রোধে তারা কোথায় যাচ্ছে, ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা-সেসব বিষয়ে সার্বক্ষণিক চোখ রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান ওয়ান কর্মকর্তা।

মধুগ্রাম যুব সমাজের অন্যতম উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার শাহ, মির্জানগর তৌহিদ একাডেমির প্রাক্তন সিনিয়র শিক্ষক এবিএম দাউদ হোসেন, রাঙ্গামাটি সদর হাসপাতালের সাবেক ডিএমএফ ডা. কামাল হোসেন এবং পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদ উদ্দিন মিলন, মনিপুর জোড়পুকুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহিম, সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার নুরুল আলম, মধুগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মাওলানা আরিফুর রহমান, মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম এবং মধুগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম বাবলুসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পরশুরামকে দ্রুত মাদকমুক্ত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group