স্টাফ রিপোর্টার
ফেনী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির হক চৌধুরী বেলালকে অবসর উপলক্ষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করে তাকে সম্মান জানান। এ সময় তার সহধর্মিণী ও বিদ্যালয়র শিক্ষিকা নাসিমা আক্তার তার স্বামীকে ফুলের মালা পরিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষক জহির হক চৌধুরী বেলাল তিনি কখনো সহকর্মীদের সঙ্গে বিরূপ আচরণে জড়াননি। সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সবার শ্রদ্ধা অর্জন করেছেন। তিনি বেলাল স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম এবং প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশফাতুন নাহার।
এছাড়া বক্তব্য রাখেন, শিক্ষক মো. ইউনুস, কোহিনুর আক্তার, আনোয়ার হোসেন বরকন্দাজ ও আনোয়ার হোসেন ভূঁইয়া। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কপিল উদ্দিন মামুন, নাছির উদ্দিন খোকন, ইমাম উদ্দিন ও জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, জহির হক চৌধুরী বেলাল স্যার দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসরে গেলেও তার অভিজ্ঞতা ও পরামর্শ বিদ্যালয়ের জন্য সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।
সহকর্মীরা বলেন, শিক্ষকরা কখনো বিদায় নেন না, তারা শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। তারা আরও বলেন, অবসরে যাওয়া শিক্ষকদের আর্থিক সহায়তার জন্য বিদ্যালয়ে একটি স্থায়ী তহবিল গঠন করা প্রয়োজন। এতে অবসর-পরবর্তী সময়ে শিক্ষকদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়তা মিলবে।
বিদায় বেলায় আবেগঘন বক্তব্যে জহির হক চৌধুরী বেলাল বলেন, দীর্ঘ ৩৯ বছর ধরে এ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। ছাত্রজীবনে ৫ বছর এবং শিক্ষক হিসেবে ৩৪ বছর দায়িত্ব পালন করেছি। সহকর্মীদের কাছে আমার কোনো জানা-অজানা ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এ প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিকতা ও ভালোবাসা সবসময় থাকবে। প্রতিষ্ঠানের স্বার্থে আমি সবসময় এগিয়ে আসবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, আমি প্রায় আড়াই বছর ধরে জহির হক বেলাল স্যারকে অত্যন্ত সততা, ধৈর্য ও সদালাপী আচরণের একজন মানুষ হিসেবে দেখেছি। এজন্যই তিনি এমন রাজকীয় সংবর্ধনা পেয়েছেন। আমরাও যেন তার মতো সম্মানজনক বিদায় নিতে পারি, সেজন্য প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমৃদ্ধিতে সবার সহযোগিতা প্রয়োজন। আল্লাহ যেন আমাকেও এমন সম্মানজনক বিদায় নেওয়ার তৌফিক দেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কপিল উদ্দিন মামুন নিজ গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন।
উল্লেখ্য, জহির হক চৌধুরী বেলাল এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |