স্টার লাইন ডেস্ক
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ নিয়ে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রায় আড়াই মাস ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য ছিল। এতদিন অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৫ মে তিনি অবসর উত্তর ছুটিতে যান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। এরপর ২৬ ফেব্রুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।
সিআইডি প্রধান হিসেবে বদলির আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন। তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।
পুলিশ বিভাগে একজন সৎ, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলেও বিগত সরকারের সময় দীর্ঘকাল তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাকে প্রথমে ডিআইজি এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |