| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে পাউবো’র বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, জনমনে ক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 645 বার পঠিত
কোম্পানীগঞ্জে পাউবো’র বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, জনমনে ক্ষোভ
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে পাউবো’র বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, জনমনে ক্ষোভ


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নিজ এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে ছোটধলী বেড়িবাঁধ পুনর্র্নিমাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, পুনর্র্নিমাণ কাজের জন্য স্কেভেটর মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হলেও অভিযোগ রয়েছে, নির্মাণের নামে বসতবাড়ি, ফসলি জমি, বাগান, এমনকি কবরস্থান ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। পাশাপাশি শত বছরের পুরোনো তালগাছসহ বহু ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, সরকারি নিয়মনীতি অনুসরণ না করেই কাজ চালানো হচ্ছে। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের আগে এলাকাবাসীকে অবহিত করা হয়নি। এমনকি বাঁধ নির্মাণের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পুকুর সেচ ও দূর থেকে মাটি আনার কথা বলে তাদের কাছ থেকে ২ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। একজন ভুক্তভোগী আবেগঘন কণ্ঠে বলেন, “অনেক চেষ্টা করেও আমার সন্তানদের কবরস্থান রক্ষা করতে পারিনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদার ইব্রাহিম খলিল সব অভিযোগ অস্বীকার করে বলেন, “পানি উন্নয়ন বোর্ডের নিয়ম মেনেই কাজ চলছে।” তবে এ সংক্রান্ত কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি তিনি।

এদিকে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল অনিয়মের বিষয়টি আংশিক স্বীকার করে জানান, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা সরেজমিনে অনিয়ম লক্ষ্য করেছেন। তিনি বলেন, “ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত স্থান থেকে মাটি সংগ্রহ করতে এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে। নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ পুনর্র্নিমাণের জন্য প্রায় ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group