শহর প্রতিনিধি :
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ফেনী শহরে তরুণদের উদ্যোগে বসেছে ‘ইনসাফের বাজার’। শনিবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকে বিকাল পর্যন্ত এ বাজার পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফেনীয়ান গ্রুপ।
আয়োজকরা জানান, রমজান এলেই বাজারে সিন্ডিকেটের প্রভাব ও কৃত্রিম সংকটের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। তাদের কথা চিন্তা করেই সীমিত লাভে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজারে প্রায় ২০ ধরনের নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার বিক্রি করা হয়। এর মধ্যে ছিল লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, কলা, লাউসহ বিভিন্ন সবজি। প্রতিটি পণ্যই খোলা বাজারের তুলনায় কম দামে বিক্রি করা হয়। ফলে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
আয়োজকরা বলেন, “রমজানে বাজারের অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। সাধারণ মানুষ যাতে স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা দেখাতে চাই, ইচ্ছে করলেই ভালো কাজ করা যায় এবং মানুষের পাশে দাঁড়ানো যায়।”
জসীম উদ্দিন নামের এক ক্রেতা বলেন, “রমজানে পুরো বাজারে যখন হাত দেওয়া যায় না, তখন তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা সীমিত লাভে পণ্য বিক্রি করছে, যা আমাদের স্বস্তি দিচ্ছে। এখানে সব পণ্যের দাম বাজারের তুলনায় অনেক কম।”
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাজারে অস্থিরতা অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |