| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে আদালতের রায় বাস্তবায়নে বাধা, ফিরে গেলেন নাজির

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 14 বার পঠিত
ফেনীতে আদালতের রায় বাস্তবায়নে বাধা, ফিরে গেলেন নাজির
ছবির ক্যাপশন: ফেনীতে আদালতের রায় বাস্তবায়নে বাধা, ফিরে গেলেন নাজির


স্টাফ রিপোর্টার:

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে আদালতের নির্দেশে নালিশি জমির ওপর নির্মিত অবৈধ রাস্তা অপসারণে গিয়ে স্থানীয়দের বাধার মুখে অভিযান সম্পন্ন করতে পারেননি আদালতের নাজির। এ ঘটনায় আদালতের রায় বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা, প্রভাবশালী ব্যক্তি ও এলাকাবাসীর একটি অংশের বিরুদ্ধে।

গত মঙ্গলবার দুপুরে মাথিয়ারা এলাকার খালুর দোকান সংলগ্ন আয়ধন ভূঞা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কেভেটর ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তবে স্থানীয়দের বাধার কারণে উচ্ছেদ অভিযান শেষ না করেই ফিরে যেতে হয়।

আদালতের নথি সূত্রে জানা যায়, নালিশি জমিতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দায়ের করা দেওয়ানি মোকদ্দমা নং-০৪/২০২৫-এর রায়ে ফেনীর যুগ্ম জেলা জজ প্রথম আদালত বিবাদীপক্ষকে ৩০ দিনের মধ্যে রাস্তা অপসারণের নির্দেশ দেন। রায়ে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়ন না হলে বাদীপক্ষ আদালতের মাধ্যমে রাস্তা অপসারণ করতে পারবেন।

বাদীপক্ষের অভিযোগ, আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্য করে তাদের মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত রাস্তা অপসারণের নির্দেশ দিলেও তা বাস্তবায়নের সময় স্থানীয় একটি প্রভাবশালী মহল সরকারি কাজে বাধা দেয় এবং হুমকি প্রদান করে।

মামলার বাদী আলাউদ্দিন বিলাস বলেন, “খরিদা সম্পত্তিতে অবৈধভাবে রাস্তা নির্মাণ করায় আমি আদালতের আশ্রয় নিয়েছিলাম। আদালত সব নথি ও প্রমাণ পর্যালোচনা করে জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের লোকবল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাধার মুখে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আদালতের রায় বাস্তবায়ন না হলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ন হবে।”

আদালতের নির্দেশ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ফেনী জেলা জজ আদালতের নাজির আলতাফ হোসেন বলেন, “আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ আমাদের গাড়ি প্রবেশে বাধা দেয়। প্রয়োজনীয় সংখ্যক ফোর্স না থাকায় অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু বলেন, “স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন। বিকল্প রাস্তার ব্যবস্থা কিংবা পারস্পরিক সমঝোতার জন্য বাদীপক্ষের কাছে ১০ দিনের সময় চাওয়া হয়েছে। এ সময়ের মধ্যে গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হবে।”

স্থানীয় সাবেক মেম্বার কামাল উদ্দিন বলেন, “এটি দীর্ঘদিনের চলাচলের পথ। জনগণের স্বার্থে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য ১০ দিনের সময় নেওয়া হয়েছে। সমাধান না হলে আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “সিএস বা বিএস রেকর্ডে রাস্তা না থাকলেও দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের কারণে এটি রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।”

এ ঘটনায় আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group