নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লাইসেন্সবিহীন হোটেল পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একটি হোটেল এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি মুদি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তার অভিযোগের ভিত্তিতে উপজেলার ‘আজমীরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এ কারণে হোটেলটির ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এক ভোক্তার লিখিত অভিযোগের পর সিরাজপুর ইউনিয়নের তালের চারা এলাকায় অবস্থিত ‘আবুল স্টোর’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দোকানটিতে ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ প্রায় ১৯ ধরনের পণ্য পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে কোমল পানীয়, জুস, বিস্কুট, চিপস, চানাচুর, সরিষার তেল, ড্রাই কেক, ঝাল মুড়ি, ইন্সট্যান্ট নুডলস ও বিরিয়ানি মসলা উল্লেখযোগ্য।
পরে একই আইনে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সব পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানানো হয়, উভয় প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিরা ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |