সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের চাচাতো ভাই আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার রাতে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড়া এলাকার মুন্সি দোকানসংলগ্ন স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের বাসিন্দা আশিক ও আরিফ। তারা দুজনই ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির আলমের ছেলে। একই দুর্ঘটনায় আহত হন তাদের চাচাতো ভাই শাওন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা দুলাভাইকে বাড়িতে আনার উদ্দেশ্যে ৩ জন একসঙ্গে একটি মোটরসাইকেলে করে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে কেশারপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তেই সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ছাতারপাইয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে আপন দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে শোকাহত পরিবেশ বিরাজ করছে। পরিবারের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |