ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া মাইলের মাথা এলাকায় (ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে) চলমান ড্রেন নির্মাণ প্রকল্পে বিদ্যমান কালভার্ট ভেঙে ছোট আকারের ড্রেন নির্মাণের প্রতিবাদে বাঁশপাড়া মাইলের মাথা মানবিক সংগঠন স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া মাইলের মাথা নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপরে ২ ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন যে, পূর্বে ব্যবহৃত কালভার্টটি তুলনামূলক বড় হওয়ায় পানি নিষ্কাশন স্বাভাবিক ছিল। কিন্তু বর্তমানে নির্মাণাধীন নতুন কালভার্টটি আকারে ছোট হওয়ায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাজার ও আশেপাশের এলাকার সমস্ত পানি এই সংকুচিত কালভার্ট দিয়ে প্রবাহিত হওয়া কঠিন হয়ে পড়বে।
এ সময় বক্তারা বলেন, এই অপরিকল্পিত নির্মাণের ফলে আশেপাশের বসতবাড়ি, কবরস্থান এবং কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা জনদুর্ভোগকে চরম পর্যায়ে নিয়ে যাবে। তারা আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সম্মিলিত সেচ্ছাসেবী ও ছাত্রজনতার পরিচালক মিরাজ হোসাইন বলেন, “নির্মানাধীন ড্রেনটি মুলত একটি খাল ছিল। এখন এই খালকে ছোট করে ড্রেনে রুপান্তরিত করা হয়েছে। এমন অপরিকল্পিত নগরায়ন ছাগলনাইয়ার জনগণ আর মেনে নিবে না।”
এ সময় রাব্বি সরকার বলেন, “সমাধান না হওয়া পর্যন্ত ড্রেনের কাজ বন্ধ রাখতে হবে” বাঁশপাড়া ইউনিটির সভাপতি কফিল উদ্দিন অবিলম্বে কালভার্টের নকশা পুনর্বিবেচনা করে পূর্বের মতো বা প্রয়োজন অনুযায়ী বড় আকারের কালভার্ট নির্মাণের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে সম্ভাব্য জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি থেকে জনজীবন রক্ষা পায়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |