ফুলগাজী প্রতিনিধি:
ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়ার ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী দেবী মন্দির ও দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর এলাকার সার্বজনীন বাসন্তী মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাসন্তী দুর্গা পূজা। প্রতি বছরের ন্যায় এবারও এ পূজাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে দেখা গেছে গভীর ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের সমাহার। একইসঙ্গে উপজেলার দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর বাসন্তী মন্দিরেও অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া দৌল দীঘিতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হয় বাসন্তী দুর্গা পূজা।
শরৎকালের শারদীয় দুর্গোৎসবের জাঁকজমকের বাইরে বসন্তকালীন এই পূজার রয়েছে প্রাচীন ঐতিহ্য ও শাস্ত্রীয় গুরুত্ব। চৈত্র মাসের শুক্লাপক্ষে পালিত এই বাসন্তী পূজাকেই বাঙালির আদি দুর্গা আরাধনা হিসেবে বিবেচনা করা হয়। পুরাণ মতে, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের পূর্বে আশ্বিন মাসে অকাল বোধন করার আগে পর্যন্ত বসন্তকালেই দেবী দুর্গার পূজা প্রচলিত ছিল।
২০২৬ সালের নির্ঘণ্ট অনুযায়ী, গত ২৪ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর বোধন ও প্রতিমা স্থাপন সম্পন্ন হয়। এরপর ২৫ মার্চ সপ্তমী, ২৬ মার্চ মহাষ্টমী ও সন্ধিপূজা, ২৭ মার্চ মহানবমী এবং গতকাল ২৮ মার্চ শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। শারদীয় দুর্গোৎসবের মতোই দশমীতে অনুষ্ঠিত হচ্ছে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের আবেগঘন পর্ব।
বাসন্তী পূজার অন্যতম বিশেষ দিক হলো মহানবমী তিথি, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে ‘রাম নবমী’ হিসেবেও পালিত হয়। বিশ্বাস করা হয়, এই দিনেই অযোধ্যায় রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। ফলে একদিকে দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে রামচন্দ্রের জন্মোৎসব এই দুইয়ের সমন্বয়ে বাসন্তী পূজা পায় এক অনন্য আধ্যাত্মিক মাত্রা।
স্থানীয় বাসিন্দা বিপ্লব কান্তি দে বলেন, গত ৩৮ বছর ধরে মধ্যেম বাশুড়া এই দৌল দীঘিতে বাসন্তী পূজার প্রতিমা বিসর্জ্জন দিয়ে আসছেন তারা।
তিনি বলেন, বাসন্তী পূজার মাধ্যমে তাদের মধ্যে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা ঘটে থাকে। ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্ত জানান, উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়ার ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী দেবী মন্দির ও দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর সার্বজনীন বাসন্তী মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাসন্তী দূর্গাপূজা পালিত হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |