| বঙ্গাব্দ
ad728
ad728

চাঁদবাজ যে হোক কোন ছাড় নয় - প্রশাসনকে নির্দেশ পরিবেশমন্ত্রীর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-10-2026 ইং
  • 25 বার পঠিত
চাঁদবাজ যে হোক কোন ছাড় নয়   - প্রশাসনকে নির্দেশ পরিবেশমন্ত্রীর
ছবির ক্যাপশন: চাঁদবাজ যে হোক কোন ছাড় নয় - প্রশাসনকে নির্দেশ পরিবেশমন্ত্রীর


দাগনভূঞা প্রতিনিধি:

দেশে কোনো চাঁদাবাজের ছাড় নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, চাঁদাবাজ যদি তাঁর নিজের ছেলেও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজির কারণে দেশে অশান্তি সৃষ্টি হয়, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়। এতে কর্মসংস্থানের সুযোগ কমে, বেকারত্ব বাড়ে এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়।

মঙ্গলবার বিকেলে ফেনীর দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় স্টার বেডিসন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু বর্তমানে দেশে আশানুরূপ বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বৃদ্ধির জন্য নিরাপত্তা নিশ্চিত করা, অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক বৈষম্য কমিয়ে আনতে হবে, যাতে কেউ বৈষম্যের শিকার না হন। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়েও আলোচনা হয়। এসব অপরাধ সমাজের অগ্রগতির পথে বাধা উল্লেখ করে মন্ত্রী এগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাকে ব্যবসাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যা ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বিনিয়োগ বাড়বে এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মতবিনিময় সভায় এলাকার নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, জিরো পয়েন্টে পুলিশ বক্স স্থাপন, তোহা বাজার আধুনিকায়ন এবং যানজট নিরসন। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ, রাতের নিরাপত্তা নিশ্চিত করতে নৈশপ্রহরীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার।" শারদীয় দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সফিকুর রহমান, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এবং উপজেলা জামায়াতের সাবেক আমির এ এস এম নূর নবী দুলালসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। সভায় দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন মার্কেটের প্রতিনিধি, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group