| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফুটপাত উচ্ছেদ, ২ রেস্তোরাঁকে ২১ হাজার ৫শ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 8 বার পঠিত
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান   ফুটপাত উচ্ছেদ, ২ রেস্তোরাঁকে ২১ হাজার ৫শ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফুটপাত উচ্ছেদ, ২ রেস্তোরাঁকে ২১ হাজার ৫শ টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার: 

ফেনী শহরের বিভিন্ন স্থানে অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফেনী পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, জেল রোড, রেলগেট ও মিজান রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে শহরে পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আসে।

অভিযানে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক, পৌর নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন। এ সময় জেলা পুলিশ ও ফেনী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ফেনী পৌরসভার যৌথ সিদ্ধান্তে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অনিয়মের দায়ে শহরের দুটি রেস্তোরাঁকে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে হেরিটেজ রেস্তোরাঁর সামনে ফুটপাত দখল করে গ্যাস সিলিন্ডার রাখায় প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, কুটুম বাড়ি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিষিদ্ধ পণ্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ ছাড়া শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের দোকানের সামনে কোনো ধরনের অবৈধ দখল বা ফুটপাতে পণ্য প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানকালে পৌর নাগরিকরা বলেন, ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীদের চলাচল সহজ হয় এবং যানজট অনেকাংশে কমে আসে। একই সঙ্গে শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, শহরের যানজট নিরসন ও ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কোনো দোকানের সামনে ফুটপাত দখল করা হলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান চলমান থাকবে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে দুটি রেস্তোরাঁকে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে তারা শাটারের বাইরে কোনো পণ্য বা স্থাপনা না রাখেন। মালিকানার বাইরে স্থায়ী অবৈধ স্থাপনা থাকলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group