দাগনভূঞা প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং দাগনভূঞা পৌরসভার সাবেক সফল মেয়র জনাব আকবর হোসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, দক্ষিণ আফ্রিকায় স্থানীয়দের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা, লুটপাট ও হয়রানির ঘটনা ঘটছে। এসব সংবাদ অত্যন্ত উদ্বেগজনক, দুঃখজনক ও বেদনাদায়ক।
তিনি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সকল বাংলাদেশি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
আকবর হোসেন বলেন, আমি দাগনভূঞা উপজেলার একজন সন্তান। আমাদের উপজেলার অসংখ্য মানুষ জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটাচ্ছেন, যার একটি বড় অংশ দক্ষিণ আফ্রিকায় কর্মরত। তাদের কষ্টার্জিত উপার্জনের ওপর নির্ভর করে অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছে। তাই বর্তমান পরিস্থিতি আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি বাংলাদেশ সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকা সরকারের সঙ্গে দ্রুত প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হোক।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ তাআলা যেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী ভাই-বোনকে তাঁর রহমত ও হেফাজতে রাখেন, সকল ধরনের বিপদ-আপদ থেকে নিরাপদ রাখেন এবং দ্রুত এই সংকটময় পরিস্থিতির অবসান ঘটান। আমিন।
একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমাদের প্রবাসী ভাই-বোনদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদের নিরাপদে রাখেন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |