ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে দুটি গ্রুপের সংঘর্ষের আবু আহাম্মদ হোনা (৩৭) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হন। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ছাত্রদলের সাত নেতা-কর্মীকে আটক করেছে। অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ছাগলনাইয়া উপজেলাজুড়ে চলছে কৃষিজমির মাটি কাটার মহোৎসব। সম্প্রতি ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু স্থানীয় প্রশাসনকে নিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ করতে অভিযান শুরু করেছেন। পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশর মিয়া পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুবদল নেতা নুরুল আলম কালা মিয়া, নুর মোহাম্মদ মিয়া, আলাউদ্দিন সুজন, মো. এয়াকুব ও লিটন ড্রাইভারের নেতৃত্বে একটি পক্ষ অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িত।
প্রতিদিনের মতো গতকাল রাতে এই পক্ষের লোকজন কৃষিজমির মাটি কাটছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কামরুল হাসান জাহিদ ও ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি ফয়েজ মো. মাহাতীরের নেতৃত্বে একটি পক্ষ তাঁদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে যুবদল কর্মী আবু আহাম্মদ হোনা, নুরুল আলম কালা মিয়া ও আলাউদ্দিন সুজন গুরুতর আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু আহাম্মদ হোনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসীর সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত ছাত্রদলের সমর্থক সাতজনকে আটক করে। তাঁরা হলেন কামরুল হাসান জাহিদ, ইসমাইল হোসেন মুন্না, আবদুর রহমান রকি, কামরুজ্জামান ফারুক, মো. ইস্রাফিল, আজমীরুল ইসলাম ও ফয়েজ মো. মাহাতীর।
স্থানীয় কামাল উদ্দিন জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল। শনিবার রাতে সংঘর্ষে জড়িতদের প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
এ ব্যাপারে জানতে ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদারের জালাল, এমন একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি, শোনার পর আমি খোঁজখবর নিচ্ছি প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ করেছে। যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় আনা হবে, আইনের আওতা আনতে আমাদের দল থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, অন্যায় করে কোন দল নেই।
ছাগলনাইয়া থানার উপরিদর্শক (এসআই) রুবেল কালবেলাকে বলেন, সংঘর্ষের পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রদল নেতা মাহাতির মজুমদারসহ সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |