সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে অর্ধশত জেলে পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ইতোমধ্যে এলাকায় বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলে পরিবারের লোকজন। শনিবার বিকালে উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ ভূঞাঁ সহ যুবদলের একটি প্রতিনিধি দল
স্থানীয় সাংসদ এবং বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় স্থানীয় লোকজন ও জেলেরা জানান, উপজেলার চর খোন্দকার ও পূর্ব চর চান্দিয়া এলাকার বড় ফেনী নদীর তীরবর্তী সরকারি খাস ও পাউবোর জমিতে শতাধিক জেলে পরিবার কয়েক যুগ ধরে বসবাস করে আসছে। এসব জেলে পরিবার বড় ফেনী নদী ও সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।
গত সাত-আট বছর ধরে বড় ফেনী নদীর ভাঙনে জেলেপাড়ার মানচিত্র ছোট হয়ে আসে। এর পর জেলেরা অন্যত্র না গিয়ে সড়কের পাশে ঝুপড়ি তুলে বসবাস করে আসছেন। বর্তমানে নদীভাঙন রোধে সরকার ব্যবস্থা নেওয়ায় জেলেরা আবারও সরকারি খাস জায়গায় নিজেদের বসতভিটা সম্প্রসারণ করতে থাকেন। সম্প্রতি নুর আহমদ নামে এক ব্যক্তি জায়গাটি তার দাবি করে জেলেদের ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। তিনি জেলেপাড়া থেকে অর্ধশত পরিবারকে উচ্ছেদ করে জমি দখল এবং সেখানে মৎস্য খামার গড়ে তোলার পাঁয়তারা করছেন। এতে জেলেপল্লীতে উত্তেজনা দেখা দিয়েছে।
এতে যে কোনো সময় সেখানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
জেলে সর্দার রাধেশ্যাম জলদাস বলেন, গত দুইদিন ধরে নুর আহমদ তাদের ঘরের পাশ থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে অন্যত্র নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন। পরে জেলেদের বাধার মুখে তারা ভেকু নিয়ে সরে যেতে বাধ্য হয়।
হরলাল জলদাস বলেন, পূর্বপুরুষের মতো তারাও দীর্ঘদিন ধরে নদীর তীরে সরকারি জমিতে বসবাস করে আসছেন। কোনো সমস্যা হয়নি। কিন্তু কয়েক বছর ধরে নুর আহমদ নামে এক ব্যক্তি জেলেদের বসতভিটা দখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের উচ্ছেদের হুমকি দিচ্ছে।
যুবদল নেতৃবৃন্দ তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সাংসদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন।
এই ঘটনায় অভিযোগ অস্বীকার করে নুর আহমদ বলেন, জেলে পরিবারের বসতভিটার জায়গাগুলো তার নামে রেকর্ড করা। বেদখল হওয়া জমি রক্ষা করতে তিনি নিজ জমিতে সংস্কার কাজ করছেন। জেলেরা এ কাজে বাধা দিচ্ছে। এ ছাড়া জেলে পরিবারগুলো যেখানে বসবাস করছে, তিনি সেখানে কোনো হস্তক্ষেপ করেননি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |