নিজস্ব প্রতিনিধি:
ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের অবৈধ ব্যবহার ও কেনাবেচা বন্ধে বড় বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে রুবেল এন্টারপ্রাইজ থেকে ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাছির উদ্দীনের দোকান থেকে ২০ কেজি পলিথিন জব্দ ও তিন হাজার টাকা, ওমর ফারুকের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ ও এক হাজার টাকা এবং ফরিদের দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দসহ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ ও পরিদর্শক শাওন শওকতসহ জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।
ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ফেনীতে ক্ষতিকর পলিথিন তৈরি, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |