মিরসরাই প্রতিনিধি:
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২’শ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। রবিবার দুপুরে অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ।
বেজা কর্মকর্তা আবদুল কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর আলম চাকলাদার ও চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার।
জানা গেছে, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক শিল্পের ব্যবসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমিতে প্রতিষ্ঠিতব্য এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক পণ্য উৎপাদিত হবে। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হবে এবং পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় ২,০০০ জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী ১ বছরের মধ্যে একটি ইউনিট চালু হবে বলে জানা গেছে।
বিশেষ অতিথির বক্তব্যে এমইপির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, ‘আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এমইপি গ্রুপ এর একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা একটি বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরী বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা পালন করবে।’
প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি গ্রুপ এই বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি বিকল্পশিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।’
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |