স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে লালপোল বেদে পল্লীর বাসিন্দাদের জনবসতি ও সীমান্তবর্তী এলাকা থেকে দূরে নিরাপদ স্থানে পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়।
গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুনিরা হক। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, লালপোল বেদে পল্লীর বাসিন্দাদের শহর ও সীমান্তবর্তী এলাকা থেকে দূরে পুনর্বাসন করা হলে প্রশাসনের পক্ষে তাদের কার্যক্রমে আরও কার্যকর নজরদারি করা সম্ভব হবে। একই সঙ্গে তাদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা যাবে বলেও মত দেন সদস্যরা।
এছাড়া ফেনী শহরের প্রধান সড়কগুলোতে যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অনুমোদনহীন সিএনজি অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। নগরবাসীর ভোগান্তি কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম,সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফেনী, ডা. এএসএম সোহরাব আল হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইঞা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন মিস্টার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার ইউএনও, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |