স্টাফ রিপোর্টার
ফেনীর সোনাগাজীর ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে গৃহবধূ আমেনা আক্তার খুশির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল সোমবার সোনাগাজীর ১নম্বর চর মজলিসপুর ইউনিয়নের রাঘবপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আমেনা আক্তার খুশির স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
আমেনা আক্তার খুশি ওই ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের মেয়ে। এলাকাবাসীর অভিযোগ, গত শুক্রবার ধুলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করছেন।
এ ঘটনায় আমেনা আক্তারের স্বামীসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে জানা গেছে। মানববন্ধনে বক্তারা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।
এদিকে নিহত আমেনা আক্তারের সাত বছর বয়সী মেয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ঘটনার পর থেকে শিশুটিকে শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে আড়ালে রাখা হয়েছে। শিশুটিকে উদ্ধারের পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমেনা আক্তার খুশির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের পরিবারের নিরাপত্তা এবং আসামির ফাঁসি দাবি করেছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |