
বিশেষ প্রতিনিধি, Reporter।।
স্টার লাইন ডেস্ক
ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা বৃদ্ধি, অধিকার ও দায়িত্ব সম্পর্কে বাস্তব ধারণা প্রদান এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি ফুলমস-এর উদ্যোগে “স্ট্রিট ল’ প্রোগ্রাম-এর ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি ফুলমস-এর “স্ট্রিট ল’ প্রোগ্রাম-এর ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ফুলমসের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের মূল সেশন দুই অংশে বিভক্ত ছিলো। প্রথম অংশ পরিচালনা করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান এবং ২য় অংশ ফেনী ইউনিভার্সিটির প্রভাষক ও ফুলমস-এর মডারেটর বাঁধন ঘোষ। তারা শিক্ষার্থীদের আইন সচেতনতা এবং দৈনন্দিন জীবনে আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেশনে ওসি এস এম মিজানুর রহমান বাল্যবিবাহ, হ্যারেসমেন্ট, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও এর প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অন্যদিকে বাঁধন ঘোষ আদালত সম্পর্কিত বিভিন্ন বিষয়, সিভিল ও ক্রিমিনাল মামলা কীভাবে পরিচালিত হয় এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবধর্মী ধারণা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোজাম্মেল হোসেন, ফুলগাজী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম, ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী দল-এর আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার, আলী আজম স্কুল এন্ড কলেজের প্রস্তাবিত সভাপতি আবুল কালাম ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসীম মাহমুদ, নাসিম কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, দৈনিক স্টার লাইনের সাংবাদিক শাহাবুদ্দিন এবং মুন্সিরহাট বাজার কমিটির সদস্য আবদুল ওয়াহাব বাবুল। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে আইনি জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।