
বিশেষ প্রতিনিধি, Reporter।।
স্টাফ রিপোর্টার
ফেনীর পাঁচগাছিয়ায় মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আফতাহি হোসেন তাহিকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় ৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গুরুতর আহত তাহি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
গত সোমবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈইর বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত তাহি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। এছাড়া ঘটনায় আহত হয়েছেন মোঃ জাবেদ (২৩) নামের আরও এক যুবক। তিনি পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বগৈইর এলাকার খোরশেদ ও মারুফসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাহি ও জাবেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন।
পরে সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাহির শরীরে বিদ্ধ থাকা ছুরি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার প্রধান আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”