
বিশেষ প্রতিনিধি, Reporter।।
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের নবজাতক শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এনআইসিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানভীর মাহমুদ তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআইসিইউ বিভাগের উদ্বোধন করেন সহকারী অধ্যাপক ডা. আরমান বিন আবদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের ডিএমডি ডা. ইমাম হোসাইন মামুন, পরিচালক ডা. মাহবুব আজিজ সিফাত এবং এনআইসিইউ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খালিদ সাইফুল ইসলাম।
হাসপাতালের পিআরও এস.এন আবছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সোনাগাজী উপজেলা শাখার সভাপতি শেখ আবদুল হান্নান, রাকিব প্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব মোশারফ হোসেন ভূঞাঁ, হাসপাতালের জেনারেল ম্যানেজার কে.এম ইসলামুল হক অনিক এবং সহকারী ম্যানেজার (এডমিন) আবদুল মোতালেব আবির।
বক্তারা বলেন, সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল শুরু থেকেই স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। নতুন এনআইসিইউ বিভাগ চালুর মাধ্যমে নবজাতক শিশুদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা এখন স্থানীয়ভাবেই পাওয়া যাবে। এতে করে রোগীদের দূর-দূরান্তে যেতে হবে না এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অতিথিরা হাসপাতালের সার্বিক সেবার মানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান।