
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি:
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল।
তিনি বলেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল মোতাবেক ২৮ এপ্রিল মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের দিনে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নুর হোসেন সেলিম ও সদস্য পদপ্রার্থী মোজাম্মেল চৌধুরী। তাদের মাঝে এনামুল হক ও নুর হোসেন সেলিম স্বশরীরে এসে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকী মোজাম্মেল চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য প্রতিনিধি প্রেরণ করলে আমরা তার সাথে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহন করি।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল হক বলেন, আমি ব্যক্তিগত কারণ ও রাজনৈতিক কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। অপরদিকে সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারী মোজাম্মেল চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার সন্তান রিসিভ করে বলেন, আমার বাবা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি অসুস্থ্য তাই পারিবারিক সিদ্ধান্তের আলোকে আমার বাবার মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, দীর্ঘ ২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৭ পদে ভোটাভুটির সম্ভাবনায় ব্যবসায়ীদের মাঝে আমেজ সৃষ্টি হয়েছে। তফসিল মোতাবেক মনোনয়নপত্র দাখিলের দিনে দুই প্যানেলে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জিয়া-হারুন প্যানেল ও নাছির-পিপুল প্যানেলের বাহিরে আরও দুইজন পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে মোট ১ হাজার ৮শ ৬০ জন ভোটার রয়েছে। তফসিল মোতাবেক আজ বুধবার প্রতীক বরাদ্দ ও আগামী ৯ মে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।