
বিশেষ প্রতিনিধি, Starline Admin।।
মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফারজানা আক্তার প্রিয়া (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
নিহত ফারজানা আক্তার প্রিয়া স্থানীয় নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তিনি একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে মেসবাহ উদ্দিন রানার সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। সম্প্রতি তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং স্বামী মেসবাহ উদ্দিন রানা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
নিহতের ভাই মো. জিদান দাবি করেন, তার বোনের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছিল। তিনি বলেন, “আমার বোন নিঃসন্তান ছিল। এখন সে আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিভিন্ন সময় নেশা করে তাকে মারধর করত তার স্বামী। নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে তাকে মানসিকভাবে ভেঙে ফেলা হয়েছে। আজ ইফতারের কিছুক্ষণ পর খবর পাই সে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা মনে করি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।