
বিশেষ প্রতিনিধি, Reporter।।
নিজস্ব প্রতিনিধি, ফেনী:
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনীতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের নিয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনীতে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকরা অংশ নেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) সহকারী পরিচালক দিদার মিয়া এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, ফেনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জোনাইদ। আলোচনায় অতিথিরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, অভিবাসন-সংশ্লিষ্ট সেবা, সেবা গ্রহণের প্রক্রিয়া এবং বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরেন। বক্তারা বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। শিক্ষকেরা শিক্ষার্থী, তাঁদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সভায় নিরাপদ ও বৈধ অভিবাসনের প্রক্রিয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা এবং অভিবাসন প্রত্যাশীদের সঠিক তথ্য প্রদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফেনী জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। প্রতিষ্ঠানটি ফেনী জেলায় প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।